বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
ফ্যামিলি স্টাইল: স্টাইল সে জিনে কা
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Mythopoeic শৈলীর গ্রাফিক নভেল
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
শাউন ট্যানের ওয়ার্ডলেস ক্লাসিক
এক যুগ পর শাউন ট্যানের ওয়ার্ডলেস ক্লাসিক কাজটা পড়া হল। মন্ত্রমুগ্ধ বললে কম বলা হয়। মাথা খারাপ করে দেওয়া ভাবনা। গ্রাফিক নভেলের যাবতীয় নিয়ম ভেঙে ফিল্মমেকিং প্রসেস অনুসরণ করে কাজটা করেছেন ট্যান, প্রতিটা সিকোয়েন্সের স্টোরিবোর্ড এঁকেছেন, সত্যিকারের মানুষদের মডেল করে চরিত্রগুলো এঁকেছেন।
কী নিয়ে এই গ্রাফিক নভেল?
খাতায় কলমে এক ইমিগ্র্যান্টের গল্প। সে এক কাল্পনিক দুনিয়ায় গিয়ে পড়েছে। সেখানে নিয়মকানুন আলাদা, ভাষা আলাদা। বাস্তবে একজন ইমিগ্র্যান্ট নতুন জায়গায় গিয়ে যেসব ঝামেলায় পড়ে, ফ্যামিলিকে নিয়ে আসার আগে কাজকর্ম জোগাড় করতে হবে, পরিচিতি বাড়াতে হবে, একাকীত্ব কাটিয়ে রোজ চেষ্টা করতে হবে ইন্টিগ্রেট করার।
আর্টওয়ার্ক নিয়ে কথা বলার আস্পর্ধা আমার নেই। গোটাটাই সিপিয়া টোনে পুরোনো ফোটোগ্রাফ স্টাইলে আঁকা, মাঝেমধ্যে পাতা জুড়ে একটাই ছবি। এবং, একটাও সংলাপ নেই।
আশ্চর্য কথা, এই গ্রাফিক নভেলটা আসলে ছোটদের জন্য লেখা। কিন্তু বড়দের জন্যও এই লেভেলের ক'টা কাজ হয়েছে, সেটা খুঁজে দেখতে হবে।
Arthur A. Levine Books
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
টোকিও আজকাল
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
পিটার অ্যান্ড লিজা
কমিকসের দুনিয়ায় মার্ভেল আর ডিসি এখনও বেস্টসেলার তালিকায় সবচেয়ে ওপরে থাকে। তাদের সঙ্গে এসে জুড়েছে জাপানিজ মাংগা, নিউ ওয়ার্ল্ড হরার, ফিলগুড কলেজ রোমান্স বা বুদ্ধিদীপ্ত সাইফি ফ্যান্টাসি। কিন্তু এসবের পাশাপাশি ফ্যান্টাগ্রাফিক্স, ড্রন অ্যান্ড কোয়ার্টারলি, জোনাথন কেপ বা ফেবারের মতো বহু প্রকাশনা নিয়মিত লিটারারি গ্রাফিক নভেল নিয়ে পরীক্ষানিরীক্ষা করছে। সেখানে সারা দুনিয়ার শিল্পীরা কাজ করেন, ভিন্ন ভিন্ন আর্ট স্টাইল আর মানসিকতার মেলবন্ধন হয়। এই কাজগুলো সাধারণত বিশাল জনপ্রিয়তা না পেলে অনেকের চোখ এড়িয়ে যায়। ভাগ্যক্রমে এই বইটা আবিষ্কার করেছিলাম।
সত্যি বলতে, 'পিটার অ্যান্ড লিজা' তেমন এক্সক্লুসিভ কোনও কাহিনি বলতে চায়নি। শিল্পী ভূমিকাতে জানিয়েছেন, এখানে গল্প টল্প বিশেষ নেই। জীবনে যা হয়, তাই আছে। বিষণ্ণ অবস্থাতেও একটা শহরের বিষন্নতা কত সুন্দর হয়ে চোখে ধরা দিতে পারে, সেই কথা আছে। সাধারণ স্বার্থপর মানুষরাও সময় বিশেষে কত ভালো মুহূর্ত উপহার দেয়, আছে সে কথাও। বয়ে যাওয়া সময় আছে। বন্ধু বিচ্ছেদ, সম্পর্কের ভাঙাগড়া আছে, বোহেমিয়ান লাইফ আর অবসাদগ্ৰস্ততার মাঝে বেঁচে থাকা আছে। শীত আছে। পর্ণমোচী গাছের অপূর্ব সুন্দর সব নকশা আছে। বসন্ত আছে। বসন্তের ফুল আছে। ঋতুবদল আছে। প্রেম আছে। আর আছে জীবন।
পিটার কম্পালসারি আর্মি সার্ভিস শেষে শহরে ফিরেছে। কিন্তু এরপর সে কী করবে জানে না। তার সেনাবাহিনীর বন্ধুরা ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করছে, কিন্তু পিটার কনফিউজড। এই কনফিউশনের একটা বড় কারণ, সে কবিতা লেখে। হৃদয়বিদারক সে কবিতা। যুদ্ধে ক্ষয়ে পড়া তার শহর নিয়ে, শহরের মানুষ নিয়ে। অন্যদের চেয়ে সে বেশি সংবেদনশীল, বেশি ভাবে, আবার ভাবেও না। উদ্দেশ্যহীন ভাবে যে যুদ্ধ বিপর্যস্ত শহরে ভেসে যায় পিটার।
লড়াই থেমে গেছে অনেকদিন, কিন্তু শহরের স্বাভাবিক চরিত্র ফিরে আসেনি। ভাড়াবাড়ির অবস্থা খারাপ, লোকজনের হাতে পয়সা কম। তবু বোহেমিয়ান পাড়ায় রোজ পার্টি হয়, হইহল্লা চলে, নাচানাচি হুল্লোড় চলে। উদ্দাম জীবনের এই ব্যাকরণ মেনে পিটারও বন্ধুদের সঙ্গে এক পার্টি থেকে অন্য পার্টিতে ঘুরছে, কিন্তু শত মানুষের ভিড়েও তাঁর চোখ অন্যমনস্ক, সেখানে বিষাদের ছোঁয়া। এমন সময় লিজার সঙ্গে তার আলাপ। সে একজন ব্যালে ডান্সার। দুজনের সাক্ষাৎ হয়, সম্পর্ক গড়ায় লিভ ইনে। লিজার সঙ্গ পেয়ে পিটারের জীবন রঙিন হতে শুরু করে। তার ফ্যাকাসে জীবনের মরুভূমিতে সে একটা মরুদ্যান খুঁজে পেয়েছে। সময় কাটে, বছর গড়ায়। পিটার লিখতে চায়। কিন্তু কিছুই তার পছন্দ হচ্ছে না। খুচরো কাজ করতে করতে, ফ্ল্যাটে হাউসপার্টি করতে করতে, ভাড়াবাড়ি পাল্টাতে পাল্টাতে আর লিজার সঙ্গে একইভাবে প্রেম করতে করতে দেখা যায়, পিটারের সেই অবসাদ আবার ফিরে আসছে। ক্রমে সেই বিষাদ বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় তাদের সম্পর্ককে শেষ করে দেয়। কিন্তু ...জীবন থেমে থাকে না কারোরই। সময় কাটতে থাকে। দুজনেরই বয়স বাড়ছে। বহু বছর পর তাদের আবার দেখা হয়। ততদিনে তারা আলাদা মানুষ, কিন্তু কোথাও না কোথাও পিটার এখনও সেই পিটার, লিজা এখনও সেই লিজা।
ন্যারেটিভ এগিয়েছে একবার পিটার, একবার লিজার বয়ানে। তাড়াহুড়ো নেই। গল্প বলার চেষ্টা নেই। খালি ফ্ল্যাট আছে, সেখানে উড়ন্ত পর্দা আছে, বাইরে পত্রহীন গাছের সারি আছে। বেড়াল আছে, কুকুর আছে। মদের বোতলের গড়াগড়ি, সিংকে জমানো এঁটো বাসনের ডাঁই আছে। বিকল গাড়ির গোদাম আছে। মানুষও আছে তাদের হরেকরকম জীবন নিয়ে, জীবনের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা তাদের নীরব অলিখিত কবিতা নিয়ে। লিখিত কবিতাও আছে, সর্বত্র।
মিরোস্লাভ সেকুলিক-স্ট্রুজা প্রাণবন্ত ভাবে চরিত্রদের আর তাদের সময়টা ধরেছেন। gouache আর watercolor, দুই ঘরানার আঁকাকেই একসঙ্গে ব্যবহার করেছেন বলে মনে হল, যদিও আর্ট নিয়ে আমার জ্ঞান খুবই ভাসাভাসা। রঙের ছয়লাপ, কিন্তু মেজাজটা বিষন্ন, এমন বহু জায়গা আছে। আবার ফিকে প্যানেলে পর পর আঁকা, কিন্তু বেশ একটা হ্যাপি মোমেন্ট ধরা পড়ছে, এমন জায়গাও আছে। বোহেমিয়ান পাড়া, ডাইভ বার, ঘরের পিছনের ঘর এবং জনাকীর্ণ নগরীর দৃশ্যের বোহেমিয়ান পরিবেশকে জীবন্ত করে তুলেছে তাঁর আঁকা। গোটা ন্যারেটিভটাই 'ব্লিক', সেখানে মাঝেমধ্যে আশার আলো দেখা যায়।
সব নিয়ে মন্ত্রমুদ্ধ করে দেওয়া বই। গল্পের বদলে জীবন পড়ার/দেখার ইচ্ছে হলে এই কাজটা পড়তে পারেন।
পিটার অ্যান্ড লিজা
ফ্যান্টাগ্রাফিক্স
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ইনফার্নো
দুনিয়ায় কী সব কাজ হচ্ছে, দেখে মাঝেমধ্যে মাথা খারাপ হয়ে যায়! বিশেষ করে গ্রাফিক নভেলে। প্রতি বছর কয়েকটা কাজ আসে, পড়ে ভাবি ব্যাটারা এই জিনিস করার সাহস পেল কোথায়?
এই ধরনের একটা কাজ হল পল আর গেতিয়ান ব্রিজের নতুন গ্রাফিক নভেল 'ইনফার্নো'। হ্যাঁ, যাঁরা জানেন ঠিকই আন্দাজ করেছেন, বাকি আমার মতো আগ্রহী অথচ অনভিজ্ঞ পাঠকদের উদ্দেশে বলে রাখি, ইনফার্নো আসলে ইতালিতান কবি দান্তে আলিঘেরির লেখা মহাকাব্যিক রচনা 'ডিভাইন কমেডি'-এর প্রথম অংশ। এই ন্যারেটিভ পোয়েট্রির তিনটে পার্ট Inferno, Purgatorio, Paradiso. গল্পও সহজ। রোমান কবি Virgil খোদ দান্তেকে নরকের মধ্যে দিয়ে তার প্রিয়তমার সঙ্গে সাক্ষাত করাতে নিয়ে চলছেন। ওপর ওপর থেকে বেশ একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মনে হয়, অদ্ভুত প্রাণী থেকে শুরু করে ম্যানেটিওর, আর প্লুটো সক্রেটিস অ্যারিস্টটল থেকে শুরু করে লুসিফায়ার সবাই আছেন, কিন্তু গোটা লেখাটাই অ্যালাগোরিকাল, প্রতীকী। সেইজন্য এই জিনিস ঘুরতে ফিরতে পড়া বা অ্যাডমায়ার করা বেশ কঠিনই বটে। কিন্তু এই জিনিস যখন কোনও শিল্পীর কাছে আসে গ্রাফিক নভেল হিসেবে অ্যাডাপ্ট করতে হবে বলে, তাহলে তাদের কী মনে হয়? ভূমিকাতে শিল্পীদ্বয়ী ঠিকই বলেছেন, "It takes nerves."
এইবার আসল কথা হল, দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করে তারা ইনফার্নো নামে যে গ্রাফিক নভেল অ্যাডাপ্টেশন করেছেন, সেটার নাম ইনফার্নো হলেও এখানে গোটা যাত্রাটাই আছে। ১৬৭ পাতার বইয়ে এই মহাকাব্যিক রচনাকে কেটেছেঁটে ঢোকাতে গেলেও অবস্থা খারাপ হওয়ার কথা, তাছাড়া পাঠকদের কথা ভেবে কিছুটা ডাম্ব ডাউনও করতেই হবে, বোধগম্য না হলে ওই বই কিনে পড়বে কে? বলতেই হবে, তারা এই কাজে অনেকটাই সাফল্য পেয়েছেন। আর্টের দিক থেকে এপিক বলা চলে, বিশেষ করে যেখানে নরকের বিশালতা আর বিভীষিকা ধরা হয়েছে৷ স্কেচ স্টাইলে সাদা কালো শেডস নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে, সম্ভবত গুস্তাভে ডোরের শৈলী অনুকরণ করে, তুলনায় চরিত্রদের কথোপকথনের স্কেচগুলো কয়েক জায়গায় একটু কম আকর্ষণীয়। গল্প অনেক সহজ হয়ে গেছে বলে পড়তে অসুবিধা হয় না।
মোদ্দা কথা, গ্রাফিক নভেলের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা হয়েছে৷ একের পর এক যুগান্তকারী কাজ হচ্ছে, থ্রি বডি প্রবলেম নিয়েও লোকজন ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে। এই ঘরানা নিয়ে আগ্রহ থাকলে অতি অবশ্যই পড়ে দেখুন।
আব্রামস কমিকস আর্ট
1826/-
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
দ্য রোড: পার্ফেকশন ইন গ্রাফিক নভেল?
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
জুনজো ইতোর সুন্দরী ভূত
মাংগা জগতে ভীষণ হইচই চলছে। কেন? কারণ ক্লাসিক হরার মাংগার লেখক জুনজো ইতোর 'কালজয়ী' এবং গ্লোবালি জনপ্রিয় মাংগা 'উজুমাকি'-এর একটা অ্যানিমে ভার্সন রিলিজ করেছে এইচবিও।
বলাবাহুল্য, মাংগা থেকে অ্যানিমে করা নতুন কিছুই নয়। কিন্তু ক্লাসিক মাংগা ফ্যানরা জানেন, বছরের পর বছর ধরে চলা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাংগার ওই ম্যাজিক আর ধারাবাহিক আর্ট স্টাইল রঙিন অ্যানিমতে ধরে রাখা অসম্ভব। অনেক সময় অ্যানিমেশনে স্টাইলটাই বদলে যায়, গল্প ছোট করে দেওয়া হয়, স্ক্রিনের কথা ভেবে রদবদলও কম করা হয় না। তাতে অ্যানিমে হিসেবে জিনিসটা দাঁড়াক বা না দাঁড়াক, মাংগার রস আর বজায় থাকে না।
বহুদিন ধরে এই নিয়ে চিন্তাভাবনা চলছে। কী করে মূল অ্যানিমের মেজাজ অক্ষত রাখা যায়? কাজটা আসলে টেক্নিকালি চ্যালেঞ্জিং, টাকাপয়সার অ্যাঙ্গলও আছে, অনেকবার এগিয়েও পিছিয়ে আসতে হয়েছে জাপানি প্রয়োজকদের। কিন্তু এই প্রথম, দীর্ঘ রিসার্চ এর পর একটা অ্যানিমে আসছে, যেখানে জুনজো ইতোর ম্যাজিক পুরোপুরি বজায় রাখা হয়েছে। সাদাকালো আর্ট স্টাইল নিঁখুত রেখে, মূল গল্পের সঙ্গে সাযুজ্য রেখে উজুমাকি করতে গিয়ে বারবার সমস্যায় পড়তে হয়েছে, ডেডলাইন পিছিয়েছে, দু একবার তো মনে হয়েছিল ক্যান্সেলই হয়ে গেল বুঝি! কিন্তু শেষমেশ কাজ শেষ হল। উজুমাকির একটা এপিসোড এসে গেছে আর মাংগার দর্শকরাও দেখে মুগ্ধ। সবাই বলাবলি করছে, এইবার মাংগা অ্যানিমেশনের দুনিয়া আমূল পাল্টে যাবে।
উজুমাকি বহুদিন আগে পড়েছি, সে নিয়ে কিছু বলব না বিশেষ। কিন্তু সম্প্রতি জুনজো ইতোর অন্য আরেক নামকরা কাজ শেষ হল। টমি... বা তোমি বা তোমিয়ে... কে জানে?
তা গল্প শুরু হয়েছে একটা পুলিশ সিন থেকে। টমি বলে একটা মেয়ের মৃতদেহ কেটেকেটে কে ফেলে দিয়েছে, সেই মেয়েটা স্কুলের ট্রিপে গেছিল! কিন্তু পরদিনই টমি ফিরে আসে। সবাই তাজ্জব ? টমিকে যারা মেরেছিল তারা ভাবছে, কী করে এটা সম্ভব? প্রথম, বলিউডি সিনেমা খুন ভরি মাঙ্গ-এর মতো টমি বেঁচে বদলা নিতে ফিরেছে? না টমি মরে গিয়েছিল, সত্যিই বেঁচে ফিরে এসেছে ? জুনজো ইতো, বিইং জুনজো ইতো. .. দ্বিতীয় বিকল্প বেছে নিয়েছেন।
টমি একদম ক্লাসিক হরার মাংগা, সকলের এই জিনিস ভালো লাগবেও না। এরকম গোরি হরার খুব একটা সবাই হজম করতে পারে না, আমিও নই। চার্লস বার্নসের 'ব্ল্যাক হোল' পড়তে গিয়ে আমার ভীষণ অস্বস্তি হয়েছিল, এদিকে টমি তো আবার সাড়ে সাতশো পেজ এর বিশাল ভলিউম, প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে চলছে।
কুড়িটা গল্প আছে টমিতে। মূল চরিত্র টমি। সে কে? একটা কিশোরী মেয়ে, ছেলেরা তাকে দেখেই তার প্রেমে পড়ে আর এমন পড়ে যে তাকে একদম মেরেই ফেলে (বোঝো! এমন প্রেমের কী দরকার? তবে এরও ব্যাখ্যা দিয়েছেন ইতোবাবু) কিন্তু টমি হল টমি... সে মরেও মরে না। কোনও ব্যাকস্টোরির বালাই নেই, মোটের ওপর সিম্পল আর্ট স্টাইল (যদিও গল্প বিশেষে তা ধরন পাল্টেছে) মেন্টেন করে জুনজো ইতো স্মার্টলি একটা ভূতুড়ে গোরি থিমের সিরিয়াল মাংগা তৈরি করেছেন। কিছু গল্প বেশি ভালো, কিছু অভিনব প্লট আছে, অনেকগুলো প্রেডিক্টিভ, তবে মাংগা হরার এর দুনিয়ার নিরিখে সেরা কাজ এর একটা, সেটা বলতে হবে।
আমার 'উজুমাকি' বেশি প্রিয় ফর সিওর, আর সিরিজ না এলে সম্ভবত এটা পড়াও হত না। চারটে এপিসোড আসবে, তার আগে জুনজো ইতোর স্টাইলটা একটু রিভিজন করতে গেছিলাম। ব্ল্যাকহোল এর মতো অস্বস্তিতে পড়তে হয়নি, বাঁচোয়া! মাংগা ফ্যান হলে পড়তেই পারেন।
রবিবার, ৩১ মার্চ, ২০২৪
মোনিকা
কমিক্সে ফরাসি নুয়া
Jean-Patrick Manchette ফরাসি ক্রাইম থ্রিলার লেখক হিসেবে বিশ্ববিখ্যাত। তাঁর লেখা দুটো বই 'নো রুম অ্যাট দ্য মর্গ' আর 'নাদা' বহুদিন আগে মডার্ন ক্লাসিক হিসেবে বিবেচিত হয়েছে। এই প্রতিভাবান লেখক মাত্র বাহান্ন বছর বয়সে মারা গিয়েছেন, কিন্তু সেই অল্পসময়ের মধ্যেই মঁসেত এমন একটা নিজস্ব দুনিয়া খাড়া করেছিলেন, শুধু নাম শুনে যার নাগাল পাওয়া মোটেও সম্ভব নয়। কয়েকমাস আগে খানিকটা ভাগ্যক্রমেই তাঁর বই 'থ্রি টু কিল' উপন্যাস নির্ভর একটা গ্রাফিক নভেল আমার হাতে এসে পড়ে, শিল্পী আর কেউ নন, বিডি কমিক্সের প্রবাদপ্রতিম শিল্পী জ্যাক তার্দি। তার্দির সঙ্গে মঁসেতের সখ্য ছিল, তাঁরা দুজনে মিলে বেশ কিছু কাজ একসঙ্গে করেছিলেন। তার্দি এই বিশেষ বইটা, ফরাসিতে নাম Le Petit bleu de la côte ouest পড়ে সেটা কমিক্সে এনেছিলেন, ইংরেজি অনুবাদে সেটা 'ওয়েস্ট কোস্ট ব্লুজ' হিসেবে প্রকাশিত হয়েছে। গ্রাফিক নভেলটা পড়ে আমি যাকে বলে বোকা বনে যাই। তার্দি বলেছেন, মঁসেতের লেখা বা সংলাপ তিনি যতটা সম্ভব না বদলে রেখে দিয়েছেন, সংলাপেও বদল ঘটাননি, যাতে মেজাজটা হারিয়ে না যায়। কিন্তু আমার খুব ভরসা ছিল না, তাই পরে বইটা পড়েও দেখেছি। এরপর আমি পাগলা হয়ে মঁসেত-তার্দি জুটির স্ট্রিটস অফ প্যারিস:স্ট্রিটস অফ মার্ডার দুই ভলিউম পড়ে ফেললাম, কিন্তু ওয়েস্ট কোস্ট ব্লুজ আমার মনে আলাদা জায়গা করে নিয়েছে। তার্দির আঁকা নিয়ে কিছু বলার যোগ্যতা নেই, কিন্তু মঁসেতের লেখা নিয়ে দু এক কথা বলে কিছুটা আন্দাজ দেওয়া যাক।
গেস্ট ইন দ্য হাউস : এক মাথাখারাপ করা ভূতের বই
প্যাট্রিশিয়া হাইস্মিথের গ্রাফিক জীবন
শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
জয় জ্যাসনের জয়
নরওয়েন শিল্পী জ্যাসন-- আসলে যা ছদ্মনাম-- বেশ কয়েক দশক ধরে গ্রাফিক নভেল নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। তাঁর বিশেষত্ব হল, তিনি সচরাচর মানুষদের আঁকেন না। হিউম্যান ওয়ার্ল্ডের গল্প বলতে হলেও তাঁর চরিত্ররা অ্যান্থ্রপোমরফিক মানে কুকুর, বেড়াল, হাঁস, কাক, শেয়াল হয়ে গল্পে আসে। তবে তা শুধু চেহারাতেই। পোশাক পরিচ্ছদ থেকে সংলাপ, প্রেম থেকে অবসাদ, সব কিছু একেবারে মানুষের মতোই থাকে। দ্বিতীয়ত, জ্যাসন হাইব্রিড আর্ট ফর্মকে নানাভাবে তাঁর কাজে ব্যবহার করে থাকেন। সিনেমা, উপন্যাস বা কবিতা অথবা সমসাময়িক ঘটনা আর পপ কালচার ব্লেন্ড করে তিনি একটা তুখোড় গল্পের প্লট নিয়ে হাজির হন প্রত্যেকবার আর পাঠক ও সমালোচকরা প্রতিবার ভ্যাবাচ্যাকা খেয়ে যান। ক্লিয়ার লাইন স্টাইল ব্যবহার করলেও তাঁর কালার প্যালেট আর গল্প বলার ধরন এতটাই অদ্ভুত যে সকলে একবাক্যে ভালো বা মন্দ বলতে পারে না। কেউ কেউ উচ্ছ্বসিত প্রশংসা করে, কেউ কেউ আবার একটু হতাশ হয়, কিন্তু তারাও পরের বইটা পড়তে ছাড়েন না। জ্যাসনের কোন বই যে কোন পাঠককে ঘায়েল করে ফেলবে, আগে থেকে বোঝা বড়ই মুশকিল। যেমন, 'পকেট ফুল অফ রেইন' পড়ে আমার খুব গভীর আর সেন্সিটিভ মনে হয়েছিল, কিন্তু 'হোয়াই আর ইউ ডুইং দিস' এর শেষে গিয়ে আমি ধরতেই পারিনি কী হল? গল্পটা অবশ্য জব্বর ছিল। একদম হিচককিয়ান স্টাইল মার্ডার মিস্ট্রি, জিম জার্মুশের ফিল্মমেকিং এর আস্বাদ নেওয়া গল্প। তবে ওই, প্রথমবারে আমি মাথা চুলকোতে বাধ্য হয়েছিলাম। সে থাক, যে দুটো নতুন বই পড়ে এই পোস্টটা করার ইচ্ছে হল, সেগুলো নিয়েই কথা বলা যাক।
১) আই কিল্ড অ্যাডলফ হিটলার
অল্টারনেট হিস্ট্রি নিয়ে কত গল্পই না হয়েছে! কিন্তু মাত্র আটচল্লিশ পেজে এমন ভীষণ অল্ট হিস্ট কাম গ্রাফিক নভেল কোনোদিন কেউ লিখেছে বলে জানা নেই। এমন একটা দুনিয়া, যেখানে কন্ট্র্যাক্ট কিলিং এর পেশাটা ডাক্টার উকিল বা ইঞ্জিনিয়ারের মতোই। চেম্বার খুলে বসে থাকো, ক্লায়েন্টের কমতি নেই। কারো বাড়িওয়ালা ঝামেলা করছে, কারো বস প্রোমোশন দিচ্ছে না, কারো গার্লফ্রেন্ড ব্রেক করার ভয় দেখাচ্ছে, মাল ফেললেই পেশাদারভাবে কাজ হাসিল হয়ে যাবে। রাস্তাঘাটে আকছার লোকে গুলি চালিয়ে চলে যাচ্ছে, কেউ কেয়ার করছে না। এমন সময় আমাদের প্রোটাগনিস্ট, যিনি নিজেই এই কাজটা করে থাকেন, তাঁকে হিটলারকে মারার কন্ট্র্যাক্ট দেওয়া হল! কী করে, সে সব ব্যাপার নয়! আসল ঘটনা হল, কাজটা ভণ্ডুল হয়ে গেল আর হিটলারকে মারতে গিয়ে আমাদের হিরোর জীবন বেমালুম পাল্টে গেল। কোথা থেকে এই সাই ফাই কাম স্পেকুলেটিভ ফিকশন কাম লাভ স্টোরি মহৎ সাহিত্য হয়ে উঠবে, তাও আটচল্লিশ পাতার মধ্যে, আপনি ধরতেও পারবেন না। একটাই কথা বলা যায়। স্যাভেজ।
২)লেফট ব্যাংক গ্যাঙ
ক্রিয়েটিভ জিনিয়াসের আরেক নমুনা। জ্যাসনের এই গল্পে ১৯২০-র দশকের প্যারিসের ল্যাটিন কোয়ার্টারকে জীবন্ত করে তুলে ধরা হয়েছে। আইসনার অ্যাওয়ার্ড বিজয়ী এই গ্রাফিক নভেল নিয়ে লোকে এইসা নাচানাচি করেছে যে বলার নয়! কেন করেছে? কারণ আছে যে! এই কমিক্সের চরিত্ররাও যথারীতি অ্যান্থ্রপোমরফিক, কিন্তু তাঁদের আমরা সবাই চিনি। স্কট ফিটজেরাল্ড, এজরা পাউন্ড, আর্নেস্ট হেমিংওয়ে, জেমস জয়েস তো আছেনই, জেলডা ফিটজেরাল্ড, সাঁত্রে, গের্টুড সহ আরো অনেকেই এসেছেন। তা এই দুনিয়ায় এই কালজয়ী সাহিত্যিকরা সবাই আসলে গ্রাফিক নভেলিস্ট, প্যারিসে তারা নতুন কমিক্স নিয়ে কাজ করতে এসেছেন। তবে সমসাময়িক সময়ে অন্যদের কাজ নিয়েও কাফেতে বসে বিস্তর চর্চা হয় বইকি! ফকনার বা টলস্টয়ের লেখা থুড়ি আঁকা নিয়ে চুলচেরা বিশ্লেষণ! কোন কমিক্সে হোয়াইট স্পেস নেই, কার আঁকা চরিত্ররা একইরকম দেখতে লাগে, সব কিছুই চলছে। পাশাপাশি জীবনের নানান ঝামেলা তো আছেই! সে সময় আর এই সমস্ত সাহিত্যিকদের জীবন সম্পর্কে জানা থাকলে এই গ্রাফিক নভেল আপনার মাথা খারাপ করে দেবে। স্কট আর জেল্ডার বিয়ের ঝামেলা, তাদের চরিত্রের বিশ্লেষণ, জেমস জয়েসের উদাসীনতা, হেমিংওয়ের ডেয়ারডেভিল অবতার... সব আছে। আর আছে একটা ট্যারান্টিনো স্টাইল মানি হাইস্টের অসামান্য বর্ণনা। স্রেফ, ওই আটচল্লিশ পেজে! ফ্যান্টাবুলাস, আই মাস্ট সে! রেমো স্যারের ভাষায়, নাউ দ্যাটস হোয়াট আই কল আ পারফর্ম্যান্স!
জ্যাসনের জয়! প্রকাশক ফ্যান্টাগ্রাফিক্স।
টিল্লি ওয়ালডেনের গ্রাফিক দুনিয়া
গ্রাফিক নভেলের দুনিয়ায় টিল্লি ওয়ালডেন যে রেঞ্জ দেখাচ্ছেন, তাতে আমি তাজ্জব। প্রথমে পড়েছিলাম আইসনার অ্যাওয়ার্ড জয়ী বাস্তব জীবন নির্ভর গ্রাফিক নভেল 'স্পিনিং'। এরপর ডুবে আছি এই বইটায়। বই তো নয়, সাড়ে পাঁচশো পাতায় ছড়ানো একটা অন্য দুনিয়া। ওয়ালডেনের আঁকায় একটা নেশা ধরানো ব্যাপার আছে। ওপর ওপর খুব সাধারণ, খুব মিনিমালিস্টিক মনে হয়, কিন্তু একবার পড়তে শুরু করলে বোঝা যায় মোহপাশে আটকে পড়েছি। তা এই সম্মোহন তো ভালোই। 'অন আ সানবিম' তুখোড় স্পেকুলেটিভ ফিকশন। দু সপ্তাহ হয়ে গেছে, আমিও তাড়াহুড়ো করছি না। এর মাঝে ভদ্রমহিলার আর একটা কাজ পড়ে ফেলার সুযোগ হয়ে গেল টুক করে। এইটুকুন বই, পাঁচ মিনিটেই শেষ হয়ে যাবে। নাম হল, আ সিটি ইনসাইড। পড়ে তো আমি ফিদা। সেই বইটার কথা জানানোর জন্যই এত ভ্যানতারা। গ্রাফিক নভেল তো সবাই পড়েছে, আ সিটি ইনসাইডকে বলা যায় গ্রাফিক পোয়েট্রি। এমন সারিয়াল কাজ আমি বিশেষ দেখিনি। এত শাটল স্ট্রোকের আঁকায়, এত ছোট পরিসরে ওয়ালডেন একটা জটিল মনোজগত তৈরি করেছেন। একজন মানুষের একটা গোটা জীবন কাটানোর গল্প, কৈশোর থেকে বৃদ্ধ হওয়ার জার্নি, যা আসলে কল্পনা হয়েও সত্যি আর সত্যি হয়েও কল্পনা। ছোট্ট ছোট্ট সংলাপ, অথচ সেই দিয়েই বুনে তুলেছেন একটা শহর। সে শহর মনের। আ সিটি ইনসাইড।
যারা গ্রাফিক নভেলের ভক্ত, এই লেখিকাকে পড়ে দেখতে পারেন। আ সিটি ইনসাইড দিয়েই শুরু করুন। ইচ্ছে করেই পোস্টে ওই বইটার ছবি দিলাম না। কমেন্টে কয়েকটা প্যানেলের ছবি রেখে দেব।






%20(Digital)%20(phillywilly-Empire)-000.jpg)







