স্পেকফিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্পেকফিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সেলুরিয়ান সি-এর দ্বীপের সেই বাড়িটা

 


জি কে চেস্টারটন বলেছিলেন, সাহিত্য পড়া আসলে লাক্সারি, গল্প পড়া হল প্রয়োজন। মাঝেমধ্যে এক একটা বই কথাটা মনে করিয়ে দেয়। এই অসম্ভব, অসম্ভব মিষ্টি বইটার কথা লিখে রাখলাম, কেউ পড়লে তাদের দু চারটে দিন অনেক বেশি মিষ্টি হয়ে উঠবে। ডায়াবিটিস থাকলেও সমস্যা নেই। একদম সুগারক্যান্ডি বই, যদিও মাঝেমধ্যে টকমিষ্টি লজেন্সের স্বাদও পাবেন। আর যদি স্টোরিটেল বা অন্য কোথাও অডিও স্টোরি শোনেন, তাহলে তো পোয়াবারো। এমন মালপো হালুয়া জিলিপি মার্কা রস গড়ানো বইকে সাহিত্য বলে গণ্য করে না অনেকেই, তারা ওইসব মোটামোটা জটিল বই নিয়ে বসে থাকুক গে! আমরা বরং ছোট করে সেলুরিয়ান ক্রনিকালসের প্রথম বইয়ের গল্পটা জেনে নিই।

লিনাস বেকার ডিপার্টমেন্ট অফ চার্জ ফর ম্যাজিকাল ইউথের জন্য কাজ করেন। কেরানি গোছের কাজ, তাঁর প্রধান দায়িত্ব হল ম্যাজিকাল চাইল্ডদের জন্য বরাদ্দ অনাথআশ্রমে গিয়ে দেখে আসা বাচ্চাগুলো যত্নে আছে কিনা! ঝামেলা থাকলে রিপোর্ট দেওয়া, সেই অরফেনেজ বন্ধ করে দেওয়ার জন্য। এই কাজ করতে করতে তিনি চল্লিশের গোড়ায় পৌঁছেছেন, অন্য সবাই পদোন্নতি পেয়ে তাঁকে টপকে গেছে। লিনাস বেকার থেকে গেছেন। তিনি ভুঁড়ি থলথলে গোবেচারা মানুষ, একা থাকেন, সঙ্গী বলতে একজন বেড়াল মাত্র। গান শোনা ছাড়া তেমন কোনও শখ নেই। দজ্জাল বসের কাছে বকা খান, বাড়িওয়ালা রোজ টিটকিরি দেয়, তিনি বাস থেকে নেমে বৃষ্টিপ্রবণ শহরের মেঘলা আকাশের দিকে তাকিয়ে সমুদ্রের কথা ভাবেন, কিন্তু সমুদ্র দেখতে আর যাওয়া হয় না। তিনি নিজেও জানেন, আমার কিছু হওয়ার নয়।

এমন সময় একটা হাই ভোল্টেজ অ্যাসাইনমেন্ট এসে পড়ে তাঁর কাছে৷ হাইয়ার ম্যানেজমেন্ট তাঁর দীর্ঘ কেরিয়ার আর রিপোর্ট দেখে তাঁর সততা সম্পর্কে নিশ্চিত হয়ে একটা গোপন মিশনে পাঠাবেন তাঁকে। কী সেই গোপন মিশন? একটা দ্বীপে অবস্থিত অনাথ আশ্রমে ছয়জন বিপজ্জনক বাচ্চা থাকে। নামে বাচ্চা হলেও তারা এক একটা জিনিস। বেকারকে গিয়ে একমাস থেকে রিপোর্ট করতে হবে, এই জায়গাটা থাকবে না বন্ধ করে দেওয়াই বেটার?

বেড়াল নিয়ে বেকার শেষমেশ ট্রেনে উঠে বসেন। তখনও তিনি জানেন না যে এই যাত্রায় তিনি প্রথম সমুদ্র দেখবেন, লোনা হাওয়া আর রোদের সঙ্গে তার মোলাকাত হবে জীবনে এই প্রথম। তিনি এও জানেন না যে ছয়জন বাচ্চার কথা তাকে বলা হয়নি, শুধু ফাইল ধরিয়ে দেওয়া হয়েছে পৌঁছে গিয়ে দেখতে হবে জানিয়ে, তাদের মধ্যে একজন খোদ শয়তানের ছেলে মানে অ্যান্টিক্রাইস্ট। অবশেষে, তিনি এও জানতেন না যে এই এক মাস তাঁর জীবন বদলে দেবে।

বেকার দ্বীপে গিয়ে পৌঁছান বটে, কিন্তু নিজে পৌঁছানোর সাধ্য ছিল না তাঁর। তাঁকে সেই অঞ্চলের বনদেবী (ইংরেজি নামটা থাক!) সেখানে নিয়ে আসেন৷ দেখা হয় অনাথ আশ্রমের প্রধান সঞ্চালক আর্থারের সঙ্গে। ছয়জন ছেলেমেয়ের সঙ্গেও, যাদের ভয়ে ডিপার্টমেন্টর লোক থরথর করে কাঁপছে।

এই এক মাস ধরে একের পর এক রহস্যোদঘাটন হয়। বেকার ভয় পান, তর্কাতর্কি করেন, অনেক কিছু বোঝেন, অনেক কিছু বুঝতে পারেন না। কিন্তু পাঠক হিসেবে আমরা মুগ্ধ হয়ে পড়ে চলি। একের পর এক চমৎকার ঘটনা, দমফাটা হাসির সিকোয়েন্স, আশ্চর্য রহস্য, চোখ ভিজিয়ে দেওয়া দৃশ্য। গল্পের সঙ্গে আমরাও তখন সেলুরিয়ান সি এর দ্বীপে থাকা সেই বাড়িটায় গিয়ে পৌঁছেছি।

টি জে ক্লুন সাহিত্য করতে পেরেছেন কিনা, ভাষা আর ট্রিটমেন্ট দিয়ে বাজিমাত করেছেন কিনা, সে সব বলা এখানে বেকার! কারণ, এখানে গল্পটাই সব। এমন একটা মন্ত্রমুগ্ধ করা গল্প, যা পড়ে মনে হয় গরম রসগোল্লা খেলাম। নতুন বন্ধু পাতানো যায়, পিকনিকে যাওয়া যায় তাদের সঙ্গে, স্বপ্ন দেখা যায়, গান গাওয়া যায়। এর চেয়ে বেশি সাহিত্য আর কী হতে পারে?

কিছু কিছু বই নিজের জন্য পড়ে নিতে হয়। পড়ুন, ছেলেমেয়ে ভাইপো ভাইঝিদের উপহার দিন, রাত্রে স্টোরিটেলে একসঙ্গে বসে শুনুন। যদি ভালো না লাগে, মুখমিষ্টি না হয়, মন না ভরে, তাহলে মনের ডাক্টারের কাছে যাওয়ার ফিজটা আমিই দেব না হয়!

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

দ্য টেইন্টেড কাপ

 

গত বছর রবার্ট জ্যাকসন বেনেটের ফ্যান্টাসি উপন্যাস 'দ্য টেইন্টেড কাপ' পড়ে আমার দারুণ লেগেছিল। তখন পরপর কয়েকটা ফ্যান্টাসি পড়েছি, তাতে এপিক ফ্যান্টাসি থেকে শুরু করে আরবান ফ্যান্টাসি সবই ছিল। কিন্তু এই বইটা বিশেষ ভাবে আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রইল।
'দ্য টেইন্টেড কাপ' শ্যাডো অফ দ্য লেভিয়াথন সিরিজের প্রথম উপন্যাস। পরের বই এই বছর এপ্রিলেই হয়তো আসবে, তাই এই বইটার খবর জানিয়ে রাখছি।
ফ্যান্টাসি উপন্যাসে যা থাকে, সে সব এখানে পুরোদস্তুর আছে। চমৎকার ওয়ার্ল্ড বিল্ডিং, অসামান্য কল্পনা। কিন্তু এর পাশপাশি এই বইটা আসলে একটা গোয়েন্দা গল্পও বটে। আর গোয়েন্দা জুটির চরিত্রগুলোও ভারী ইন্টারেস্টিং। আনা দোলাবরা সরকারি বিভাগে কার্যরত এক গোয়েন্দা, তার নামডাক আছে, কিন্তু মাথায় ছিট আছে বলেও কেউ কেউ বলে থাকেন। এই বয়স্ক মহিলাকে দেখে মাঝেমধ্যে মিস মার্পলের কথা মনে পড়তে পারে। আনা বইয়ের মধ্যে হুমড়ি খেয়ে বসে থাকেন আর সর্বক্ষণ গান্ধারীর মতো চোখে একটা কাপড় বেঁধে রাখেন। তাই বলে তিনি অন্ধ নন, কিন্তু একটা ইন্দ্রিয় কম ব্যবহার করলে নাকি তাঁর অন্য ইন্দ্রিয়গুলো বেশি কাজ করে, মগজাস্ত্রের তেজও বাড়ে। তার সর্বক্ষণের সহকারী ডিনিওস কোল। কোল আবার প্রশিক্ষিত এনগ্রেভার, তাকে জাদুবিদ্যায় দীক্ষিত করা হয়েছে সব কিছু টু দ্য পয়েন্ট মনে রাখার জন্য, তদন্ত করতে গিয়ে সে যা দেখে, সব কিছুই তার মাথায় ছেপে যায়। এই জুটির সামনে একটা কঠিন কেস এসে পড়ে। একের পর এক ইম্পেরিয়াল অফিসার মারা যাচ্ছে, তাদের গা থেকে গজিয়ে যাচ্ছে গাছ। এদিকে তারা যে দুনিয়ায় থাকে, সেখানে বর্ষাকালে লেভিয়াথান আর প্রকাণ্ড সামুদ্রিক প্রাণীরা হামলা করে, সমুদ্র ঘিরে থাকা নিরাপত্তা ঘেরা টপকাতে পারলে তারা গোটা দুনিয়াকেই ধ্বংস করে দেবে। ইম্পেরিয়াল অফিসারের পাশপাশি সমুদ্র ঘেরার ইঞ্জিনিয়াররাও মারা পড়তে থাকে। হাই স্টেক। রহস্যভেদ না করলে কাম খতম। এমন সময় এই তদন্তের ভার পড়ে আনা আর কোলের ওপর।
প্রথম থেকেই গল্প এগিয়েছে তরতর করে। ছোটছোট সংলাপের মাধ্যমে এই অদ্ভুত দুনিয়ার ছোটখাটো জিনিসের সঙ্গে পরিচিতি ঘটেছে পাঠকের। ক্রমে রহস্যের জাল আরো জট পাকিয়েছে, টেনশন বিল্ডাপ হয়েছে পাল্লা দিয়ে। সঙ্গে এসেছে অ্যাকশন। কিন্তু তা সত্ত্বেও আনার চরিত্রটা অসম্ভব হিউমারাস। মাঝেমধ্যেই পড়তে পড়তে হাসি পেয়ে যায়৷ একদম শার্লকিয়ান ভঙ্গিতে তদন্ত চালিয়ে এই গোয়েন্দা রহস্য সমাধান করেন, কিন্তু আগামীতে এই জুটির আরো কেস দেখার জন্য আগ্রহ কমে না।
বই জুড়ে রহস্য, অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর ম্যাজিকের ছড়াছড়ি। দম ফেলার জায়গা নেই, পাঠক কখন যেন এই দুনিয়ায় টেলিপোর্ট হয়ে যায়৷ অবিরাম বৃষ্টি হচ্ছে, লেভিয়াথনরা হামলা করছে, চক্রান্তকারীরা ঝামেলা পাকাচ্ছে, এরই মধ্যে ডিটেকশন আর ডিডাকশন চলছে, জীবন মরণ লড়াই চলছে, তলোয়ার চালাচ্ছে দুই পক্ষই। বই জমে ক্ষীর।
ফ্যান্টাসি আর শার্লকিয়ান মিস্ট্রির ভক্তদের জন্য মাস্ট রিড। দ্বিতীয় বইটা আসার আগে প্রথমটা পড়ে ফেলুন।

সোমবার, ৩ মার্চ, ২০২৫

বিষনিদ্রা: চারুদত্ত ফ্যান্টাসি সিরিজের ফ্যান্টাস্টিক ওপেনিং

 


বইমেলায় গেলে আমি পারতপক্ষে কল্পবিশ্বের স্টলে ঢুকি না। স্পেকফিক বইগুলো দেখে হাত পা নিশপিশ করবে কিন্তু বাড়িতে বই রাখার জায়গা নেই, আজকাল পাইরেসির জ্বালায় ইবুকও হয় না, তাই অনেক বইই ইচ্ছে থাকলেও পড়া হয় না বা পড়তে বছর গড়িয়ে যায়। কিন্তু ইচ্ছে থাকেই। সত্যি বলতে, এই সময় বাংলায় কল্পবিজ্ঞান বা সার্বিক ভাবে স্পেকুলেটিভ ফিকশনের ভক্ত হলে সোহম গুহ, সৌম্যসুন্দর মুখোপাধ্যায়, রনিন বা শ্রীজিত সরকারের মতো প্রতিভাবান কলমদের এড়িয়ে না যাওয়াই বেটার। সিনিয়ারদের কথা না হয় নাই বললাম। এত সব কথা বলার কারণ, বেশ কয়েকদিন পর একটা বই পড়ে মনমেজাজ বেশ ফুরফুরে মনে হচ্ছে। 

গত মাসেই মেলায় সৌম্যসুন্দর মুখোপাধ্যায়ের চারুদত্ত ফ্যান্টাসি সিরিজের প্রথম বই 'বিষনিদ্রা' প্রকাশিত হয়েছে, ইতিমধ্যেই পাঠকপ্রিয়তাও পেয়েছে। আরবান ফ্যান্টাসি কাম গোয়েন্দা গল্প ঘরানার কাহিনি, বিশ্বসাহিত্যে এমন গল্পের অভাব না থাকলেও বাংলায় অতি প্রয়োজনীয় সংয়োজন। রিভার্স অফ লন্ডন, অ্যালেক্স ভেরাস সিরিজ বা জেমস লাভগ্রভের শার্লকিয়ান মিস্ট্রির ভক্ত হলে এই বই আপনারই জন্য, আবার ফ্যান্টাসি বাদ দিয়ে সাধারণ গোয়েন্দা গল্প/রহস্য কাহিনির অনুরাগী হলেও বইটা আপনাকে হতাশ করবেন না।

অতি সংক্ষিপ্ত সামারি। চারুহাসিনী দত্ত পেশায় দিব্যেন্দ্রিয়, অদ্ভুতাঙ্গ প্রাণী আর অতিলৌকিক (পড়ুন রাক্ষস, খোক্ষস, মৃতদেহ জাগানো ইত্যাদি ইত্যাদি) নিয়েই তাঁর কারবার। এমন সময় এক দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীর স্ত্রী রহস্যজনক ভাবে অদ্ভুতাঙ্গ এক প্রাণীর আক্রমণে প্রাণ হারান আর সেই কেসের তদন্ত করতে গিয়ে চারু এক বড় রহস্যের মধ্যে জড়িয়ে পড়ে। একের পর এক ঝামেলা, রহস্যের ওপর রহস্য, তদন্ত এবং সমাধান। ক্লিন অ্যান্ড সিম্পল। কোনও নাটক নয়।

সৌম্যবাবুর লেখা সাবলীল, ভাষা স্মার্ট, তাঁর রেঞ্জও কাবিলে তারিফ। নানান জায়গায় তাঁর লেখা গল্প পড়ে আমি জানি তিনি গল্পের চরিত্র বুঝে ভাষা ব্যবহার করেন, অযথা জ্ঞান ফলাতে যান না। এখানেও তাঁর কলম ধারালো ছুরির মতো এগিয়েছে। ঝকঝকে ন্যারেটিভ, তকতকে সংলাপ, ইন্টারেস্টিং প্লট এবং টানটান ট্রিটমেন্ট। খুব শাটল ভাবে এই দুনিয়ার সঙ্গে পরিচিতি ঘটিয়েছেন, পাশাপাশি কোরাপ্ট রাজনীতি আর  সিস্টেমের পাওয়ার ডায়নামিক্সও বুঝিয়ে দিয়েছেন। এরই মাঝে অসম্ভব দক্ষতায় জাস্টিস আর মোরাল কম্পাস নিয়ে কমেন্ট্রিও করেছেন, সেসব কতজন খেয়াল করবেন জানি না। কিন্তু এসব কিছুই মূল কাহিনির গতিকে থমকে দেয়নি। লেখককে সাধুবাদ দিতেই হয় তাঁর পরিমিতিবোধের জন্য। তিনি আসলে একই রহস্য কাহিনি লিখছেন, আর রহস্য কাহিনিতে রহস্যটাই আসল, এটা কোথাও তিনি ভুলে যাননি। ফলে গোটা বইটাই মুচমুচে, ক্রিস্প। কুড়মুড়ে ফিশফ্রাইয়ের মতোই।

ফ্যান্টাসি হওয়া সত্ত্বেও শক্তিনগর বলে যে পশ্চিম বঙ্গের যে শহরটাকে সৌম্যবাবু তুলে ধরেছেন, সেটা সাধারণ মানুষের কাছে পরিচিত। এখানে সম্পর্কের জটিলতা আছে, কেরিয়ারের ঝামেলা আছে, ড্রাগ ব্যবসা আছে, দিব্যেন্দ্রিয় ক্লাসে ছাত্রছাত্রীদের ছুঁড়ে মারা টীকাটিপ্পনী আছে। সত্যি বলতে এসব চেনা জিনিস এতটাই বেশি আছে যে মাঝেমধ্যে আমার মনে হচ্ছিল ফ্যান্টাসির চেয়ে রিয়ালিজমের দিকে কাঁটা বেশি ঝুঁকে যাচ্ছে। আরেকটু ওয়ার্ল্ড বিল্ডিং করলে, অদ্ভুতাঙ্গ বা এই অতিবাস্তব দুনিয়ার গোড়ার কথা একটু খোলসা করে বললে হয়তো আরো জমে যেত। কিন্তু যেহেতু এটা সিরিজ হতেই চলেছে, আশা করি পরের বইগুলোয় আরো ডিটেলে সব জানা যাবে। কিন্ত সব মিলিয়ে 'বিষনিদ্রা' বাংলা স্পেকুলেটিভ ঘরানায় একটা অসম্ভব ভালো অ্যাডিশন। রিডিং ব্লক হলে তা কাটাতে এই বইটা তুলে নিতেই পারেন। বোর হওয়ার কোনও জায়গা নেই। 

বিষনিদ্রা

কল্পবিশ্ব প্রকাশনী


বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বউবাজারের ড্রাগন পরিবার



ও, আই লাভড দিজ ওয়ান সো মাচ!

ইন্দ্রপ্রমিত দাসের খুচরো লেখা আগেও বেশ কিছু পড়েছি। কিন্তু এই বইটা আমাকে মুগ্ধ করল। ভাব ও ভাষার দিক থেকে চমৎকার সাবলীল ও স্বচ্ছন্দ তো বটেই, কিন্তু ফ্যান্টাসি গল্প হিসেবেও ইউনিক। ভীষণ ভাবে বাঙালি, আর ততোটাই আন্তর্জাতিক।   

একটা সংক্ষিপ্ত আইডিয়া দিচ্ছি নামধাম বদলে। ধরে নিন, বৌবাজারের কাছে হাউস অফ ড্রাগন মানে ড্রাগন বংশের ফ্যামিলি থাকে। একসময় ড্রাগন কুইনের এর সঙ্গে তাদের যোগাযোগ ছিল, তাদের জীবনের প্রতিটা পদক্ষেপে ড্রাগনদের একটা ভূমিকা ছিল। কিন্তু কালে কালে ড্রাগন বংশ লোপ পেয়েছে, কয়েকজন প্রাণ বাঁচাতে ড্রাগনদের রাজ্য ছেড়ে অন্য জায়গায় ঘর বেঁধেছে, সেখানকার সমাজ আলাদা, নিয়মকানুন ভিন্ন। এইবার, এই সময়, এই বংশে যদি একটা সন্তান জন্মায় যার পূর্ব জীবন সম্পর্কে কোনও ধারণা নেই, সে কলকাতা মেট্রো, বৌবাজারের ভিড় আর বাঙালি চাইনিজ চাউ খেয়ে বড় হচ্ছে, তার সঙ্গে ড্রাগন বংশের ইমোশনাল সম্পর্ক কতটা থাকবে, কী করে থাকবে?

“Belief is a serpent eating its tail forever, knowing that its tail is finite.”

ইন্দ্রবাবুর বইটা এ-ই জায়গা থেকেই গল্পটা এগিয়ে নিয়ে গিয়েছে। এখানে কোনও ভীষণ ক্রাইসিস নেই, বিরাট কোনও যুদ্ধ নেই, শুধু স্মৃতি আর বাস্তবের মধ্যে, বিশ্বাস ও অবিশ্বাস এর মধ্যে সেতু বানিয়ে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার একটা মায়াময় গল্প আছে। পাশপাশি, এটা একটা কামিং অফ এজ গল্পও বটে, যেখানে দুই ভিন্ন দুনিয়ার দুই ছেলেমেয়ে একসঙ্গে বড় হচ্ছে। 

গল্প এতটাই মসৃণ ভাবে, তরতর করে এগিয়েছে যে আমি এক সিটিং-এ গোটা বই শেষ করেছি। রু আর অ্যালিস...দুই ছেলেমেয়ের বড় হওয়ার অংশটা অসম্ভব ভালো। 

ইন্দ্রবাবুর ভাষা লিরিকাল হয়েও সহজ, কিন্তু মাঝেমধ্যে সেই ভাষা মনে চাঁদনি রাতের রোশনাইয়ের মতো মায়াবী আলো ছড়িয়ে দেয়। 

খুব সূক্ষ্ম অথচ সাবলীল ভাবে আইডেন্টিটি ক্রাইসিস আর সেক্সুয়ালিটির দ্বন্দগুলো তুলে ধরা হয়েছে। কিন্তু বাঙালি পাঠকের জন্য সবচেয়ে আনন্দের জায়গা, ব্রিটিশ ফ্যান্টাসি অ্যাওয়ার্ড জয়ী এই লেখাটা ভীষণ ভাবে বাঙালি। এমন সুন্দর ভাবে ইংরেজি ন্যারেটিভের মধ্যে বাংলা কথা চলে এসেছে, একটুও বেমানান লাগেনি। 

আকাশ থেকে একটা প্রাণী পড়েছে আর রঞ্জন বলে একটা স্কুলে সেটা নিয়ে এসে বলছে, এটা কি তোমাদের সেই ছোট্ট ড্রাগন? রু বলছে, হ্যাঁ, ছোট বলে উড়তে গিয়ে ডানা খসে গেছে। তখন একটা ছেলে এসে মুখ ভেংচে বলছে, "ডোন্ট বি অ্যান ইডিওট। দ্যাটস আ টিকটিকি!" 

অ্যালিস রু এর মায়ের সামনে চালাকি করছিল বলে তাকে অবলীলায় 'Paka Meye' বলে বলে দেওয়া হচ্ছে। গল্পজুড়ে কলকাতার চিহ্ন, মধ্যবিত্ত বাঙালি জীবনের হরেক রকম অ্যানেকডোট ছড়ানো। শেষ পর্যন্ত আসতে আসতে মন ভালো হয়ে যায়, আবার একটু মনখারাপও হয়।

ফ্যান্টাসির ভক্তরা না পড়ে থাকলে অতি অবশ্যই পড়ে ফেলুন।