ব্রিটিশ সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ব্রিটিশ সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৭ মে, ২০২৫

দ্য ডাইং ডে

 


মালাবার হাউজ সিরিজের দ্বিতীয় বই।

১৯৫০ সালের বোম্বে। এশিয়াটিক সোসাইটি থেকে দান্তের ডিভাইন কমেডির একটা মূল্যবান কপি চুরি হয়ে গিয়েছে। পাশাপাশি উধাও হয়ে গিয়েছেন জন হিলি বলে একজন ভদ্রলোকও, যিনি পাণ্ডুলিপিটা নিয়ে গবেষণা আর নতুন অনুবাদের কাজ করছিলেন। হিলি আবার যাওয়ার আগে কিছু সংকেত রেখে গিয়েছেন, সে সব এক একটা জটিল ধাঁধা।

প্রথম কেসের পর ইন্সপেক্টর ওয়াডিয়া সবে একটু শান্তির নিশ্বাস ফেলেছেন, ততোক্ষণে নতুন কেস হাজির। ভারতের প্রথম মহিলা অফিসার হওয়ার দরুণ তাকে রোজ নতুন নতুন ঝামেলা পোয়াতে হচ্ছে। একদিকে লোকজন তাকে বরখাস্ত করতে বলছে, খিল্লি করছে, ট্যারা চোখে তাকাচ্ছে, অন্যদিকে একদল লোক তাকে সেলিব্রেট করছে, ভাষণ দিতে ডাকছে, সম্মান দিচ্ছে। আমাদের নায়িকার মাথা খারাপ। সে শুধু মন দিয়ে ইনভেস্টিগেশন করতে চায়, কিন্তু ইনভেস্টিগেশন করা কি অতই সহজ? এমন সময় আবার রেললাইনে একজন বিদেশি মেয়ের দেহ পাওয়া যায়, পোস্টমর্টেম করে জানা যায় তাকে সম্ভবত খুন করা হয়েছে। দুটো কেস নিয়ে তদন্ত চলতে থাকে।

ধীরে ধীরে বোঝা যায়, আসলে দুটো কেসই একসূত্রে জোড়া। জন হিলি বিশ্বযুদ্ধের সময় এক ইতালিয়ান ক্যাম্পে বন্দি ছিলেন, তিনি সেখান থেকে পালিয়ে আসেন। কিন্তু কিছু আছে, যা তাকে তিষ্ঠোতে দিচ্ছিল না। কেসের পিছনে ধাওয়া করে ইন্সপেক্টর ওয়াডিয়া আর ব্রিটিশ ক্রিমিনলোজিস্ট আর্চি ব্ল্যাকফিঞ্চ এমন এক রহস্যের সামনে এসে পড়েন, যেখানে হিটলারের এসএস থেকে মুসোলিনির সিক্রেট পুলিশ আছে, দান্তের সাহিত্য আছে, ফ্রিম্যাসনস আছে, ক্রিশ্চিয়ান ফিলোসফি আছে, আর আছে পদে পদে বিপদের আশংকা।

ওয়াসিম খান পিরিওডিকাল প্রসিডেরাল জিনিসটা বোঝেন। প্রায় সাড়ে তিনশো পৌনে চারশো পাতার বই, একের পর এক নতুন ইনফরমেশন, কিন্তু কখনওই ইনফোডাম্প মনে হয় না, একঘেয়েমিও আসে না। প্রত্যেকটা চরিত্রে ব্যাকস্টোরি বুনে তার দ্বন্দ্ব ও সিদ্ধান্ত নেওয়ার পিছনের কারণগুলো জাস্টিফাই করতে পারেন বলেই হয়তো চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হওয়া যায়। এছাড়া ১৯৫০ সালের বোম্বের স্থাপত্য, ইতিহাস, সিটি কালচার আর রাজনীতির পাসিং রেফারেন্স তো আছেই।

সব মিলিয়ে এই সিরিজটা আমার বেশ প্রিয় হয়ে উঠেছে। তৃতীয় বইটাও শুরু করে ফেলেছি দোনামনা করে, ফেলে রাখতে ইচ্ছে করছিল না। উইকেন্ড কাটানোর জন্য পারফেক্ট বই।

দ্য ডাইং ডে
Hodder & Stoughton
Kindle edition 589/- 

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

প্রাক পঞ্চাশ যুগের স্বাধীন ভারত ও এক পার্সি গোয়ন্দার কাহিনি


ওয়াসিম খান ব্রিটিশ পাকিস্তানি লেখক। তাঁর বেবি গনেশ ইনভেস্টিগেটিভ এজেন্সি সিরিজ ইউকেতে বেশ জনপ্রিয় তো বটেই, ভারতেও তাঁর পাঠক কম নেই। আবির মুখার্জির ভক্তরা অনেক সময় ওয়াসিম খানের লেখাও পছন্দ করেন বলে শুনেছি, দুজনে একসঙ্গে একটা পডকাস্টও করেন। কেউ কেউ অবশ্য বলেন যে ব্রিটিশ পাঠকের কথা ভেবে তিনি বেশ কিছু ক্লিশে 'ইন্ডিয়ান মোটিফ' লেখায় নিয়ে আসেন, হয়তো সেই কারণেই কিন্তু কিন্তু ভাব থেকে এতদিন তাঁর কলমের স্বাদ নেওয়া হয়নি। এদিকে কানাইচরণ রোজ রোজ মিলবে না, ভারতীয় পুলিশ প্রসিডেরালের জন্য মন আঁকুপাঁকু করে। এমন সময় জানা গেল ওয়াশিম খান বছর কয়েক আগে পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে একটা নতুন সিরিজ শুরু করেছেন। মালাবার হাউস সিরিজের নায়িকা ভারতের প্রথম আইপিএস অফিসার পারসিস ওয়াডিয়া, মিডনাইট অ্যাট মালাবার হাউস এই সিরিজের প্রথম বই। পড়ে বলতেই হচ্ছে, দারুণ উপভোগ করলাম।

একটু সামারি দেওয়া যাক। সময়টা ১৯৫০ সাল। তবে বছর শুরু হওয়ার ঠিক আগ্ব্র দিন রাত্রে, যখন মুম্বাই শহরে নতুন বছরের উৎসব চলছে, মালাবার হাউস থানায় একটা ফোন আসে যে জনৈক ব্রিটিশ ডিপ্লোম্যাট খুন হয়েছেন। ভদ্রলোক কেউকেটা ব্যক্তি, স্বাধীনতার পর ভারত সরকারের তরফ এর গোপন একটা তদন্ত করছিলেন, কিন্তু তাঁর প্রভাব আর ব্যবসা বাণিজ্য চারিদিকে ছড়িয়ে আছে। এহেন ভাগ্যক্রমে এই কেসটা গিয়ে পড়ে পারসিস ওয়াডিয়ার কাছে। পুলিশে প্রথম মেয়ে হওয়ার সুবাদে সে নিজে প্রতিদিন নানান ফ্যাকড়ার সামনে পড়ছে, তারপর এমন হাই ফাই কেস আসতে তাকে (ঘুরিয়ে) বলা হয় ছাব্বিশ দিন পর কন্সটিটিউশন ইম্পলিমেন্ট করা হবে, তার আগে কেস সমাধান না করলে মুণ্ডু ঘ্যাঁচাং! এমনিতেও পুলিশে মেয়েদের কী কাজ?

বাকিটা খাঁটি পুলিশ প্রসিডেরাল। পারসিস আর তার সঙ্গী ব্রিটিশ পরামর্শদাতা অফিসার আর্চি ব্ল্যাকফিঞ্চ সন্দেহের তালিকায় থাকা সকলকে সাক্ষাৎকার করছে, অতীতের পাতা খুঁড়ে বার করছে, ফরেন্সিক, অ্যালিবাই, জবানবন্দির ক্রস ভেরিফিকেশন করছে... কিন্তু যে জিনিসটা বইটাকে সত্যি সত্যি ইন্টারেস্টিং করে তুলেছে সেটা হল সেটিং।

এমন একটা সময়, যখন বম্বে দ্রুত বদলাচ্ছে, বদলাচ্ছে দেশও। স্বাধীনতা এসেছে, কিন্তু সকলের কাছে তার মানে অন্যভাবে ধরা দিচ্ছে। সমসাময়িক রাজনীতি, কাস্ট আর রিলিজিয়ান নিয়ে কচকচি, পুলিশ ডিপার্টমেন্টে দুর্নীতি আর ব্রিটিশদের লেগাসির প্রতি একটা চাপা ভক্তি, সাদা চামড়ার মানুষের প্রশাসনে গুরুত্ব, অর্থনৈতিক বিভাজন... সমান ভাবে গুরুত্ব পেয়েছে পারসিসের পার্সি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সেকালের নগরসংস্কৃতির বিভিন্ন অ্যানেকডোট! অমুক দোকানের ভালো রান্না, তমুক অফিসের সামনে লাগানো গুলমোহর গাছ...  পারসিস এর নিজের জীবনেও কিছু কিছু জট রয়ে গেছে। চরিত্রগুলো যত্ন করে তৈরি করা হয়েছে, হুড়মুড়ি ভাব নেই, কোথাও মনে হয় লেখক  রকেট চালাচ্ছেন। আবার ঘ্যানঘ্যানও বিশেষ করেন না। প্রি আর পোস্ট ইন্ডিপেন্ডেন্সের বিপ্লব এর বিভিন্ন ঘটনার উল্লেখ আছে, বর্মার যুদ্ধ আছে, আর সব কিছুই কোনও না কোনও ভাবে গল্পে ঢুকে গেছে। ফলে ইনফো ডাম্প মনে হয় না। এক্সট্রা পয়েন্ট ফর দ্যাট! 

তবে এ সবই মাঠে মারা যেত, যদি রহস্যটা না জমত! আমার কাছে অবশ্য মনে হয়েছে, ওয়াসিম খান ভালোই জট পাকিয়েছেন, খুলেছেনও সাবলীলভাবে। ব্রিটিশ রাইটার হওয়ার কারণে কিছু কিছু জিনিস একটু স্পুনফিড করতে হয়েছে, তবে তাতে গতি থমকায়নি। 

পার্টিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গল্পে। এখানে হয়তো প্রাসঙ্গিক, ওয়াসিম খানের বাবা নিজেই দেশভাগের সময় পাঞ্জাব থেকে চাপে পড়ে পাকিস্তান যেতে বাধ্য হয়েছিলেন, সেখান থেকে তাদের ফ্যামিলি ইউকে ইমিগ্রেট করে যায়। কিন্তু হাজার হাজার মানুষের মতো তিনিও ভারতকে কোনোদিন অন্য দেশ ভাবতে পারেননি। তাঁর মায়ের ক্ষেত্রে অবশ্য মনোভাব ভিন্ন ছিল, তিনি পাকিস্তানে বেশি সময় কাটিয়েছেন। ওয়াসিম নিজে অবশ্য বেশ কিছুটা সময় ভারতবর্ষে থেকেছেন, তার লেখা দেখে বোঝাই যায় এই দেশটাকে তিনি খুব ভালো করে খেয়াল করেছেন। ভারতের প্রতি একটা মমতাবোধও অনুভব করলাম, কেউ কেউ অবশ্য সেটা মেকি বলে উড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে লেখক এর কলম যথেষ্ট যত্নশীল আর এমপ্যাথেটিক বলে মনে হল।

সব মিলিয়ে, মিডনাইট অ্যাট মালাবার হাউস চমৎকার বই। এই সিরিজের বাকি তিনটে বইও পড়ার ইচ্ছে রইল।